
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চলের বিভিন্ন দেশ। ঝড়ের কারণে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং বন্ধ হয়ে গেছে মুঠোফোনের নেটওয়ার্ক সেবা।
সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বয়ে যাওয়া বোয়েলো ও অস্টেন নামের দুটি শক্তিশালী ঝড়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট কাউন্সিল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ে গাছ ও বিদ্যুতের তার পড়ে দেশটির বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে গেছে।
ঝড়ের সময় চার লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন। সংগঠনটি আরও জানায়, শুক্রবার স্টর্ম অস্টেনের তোড়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটনে পুরোনো জেটির একটি অংশ উড়ে গেছে। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকে জেটিটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
ইউরোপে এ বছরের শরৎকালের প্রথম বড় ঝড়ের তাণ্ডবের মধ্যে ইংলিশ চ্যানেলের অপর পারে ফ্রান্সের উত্তরাঞ্চলেও শক্তিশালী ঝোড়ো বাতাস আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে আবহাওয়া চরম বৈরী হতে পারে।
ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, শনিবার অস্টেন ঝড়ের তীব্রতা যখন সবচেয়ে বেশি ছিল, তখন দেশটির প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫৯ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর বেশির ভাগই নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এনেদিসের ২ হাজার ৬০০ বিদ্যুৎকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী কাজ করছেন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ শহর ও আশপাশের এলাকায় রোববার অস্টেন ঝড়ের কারণে ১০ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শহরটির প্রধান হাসপাতাল শুধু জরুরি রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়। একই কারণে মুঠোফোনের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার নাসটাটেন শহরে শরৎকালীন মেলা চলার সময় অস্টেন ঝড়ের বাতাসে নির্মাণকাজে ব্যবহৃত একটি মাচা উড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন।
জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাস দিয়েছে, রোববার দেশটির উত্তর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও ঝড় আঘাত হেনেছে। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাছ পড়ে চারজন আহত হয়েছেন।
শত শত ফ্লাইট বাতিল
ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল বা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফলে রোববার কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হওয়ার হিসাব পেয়েছে এএফপি। এর বেশির ভাগই প্যারিস, রোম, ডাবলিনসহ ইউরোপের বিভিন্ন শহরগামী ফ্লাইট। এ ছাড়া বিমানবন্দরটিতে অবতরণের কথা ছিল, এমন কয়েক ডজন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved