ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।
রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ভবনটি ধসে পড়ে। এটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট বা পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এলাকাটি শিক্ষার্থীদের বসবাসের জন্য পরিচিত।
ধসের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি পুলিশ, দমকল বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা। উদ্ধার অভিযানে দমকলের অন্তত ১২টি গাড়ি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি পুরোপুরি কাজ শুরু করার আগেই অনেকে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ করেন। ঘটনাস্থলের একটি ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা যায়। কয়েকজনকে মিলে সেটি সরানোর চেষ্টা করছিলেন।
ভবনের ভেতরে ছিলেন বহু শিক্ষার্থী
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। সেদিন রবিবার হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী নিজেদের কক্ষে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে এক শিক্ষার্থী জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি আটকে পড়াদের চিৎকার ও সাহায্যের আকুতি শুনেছেন।
স্থানীয়দের ভাষ্য, ভবনটি পুরুষ শিক্ষার্থীদের পিজি হিসেবে ব্যবহৃত হতো। ‘হোস্টেল ডেইজ’ নামে পরিচিত এই আবাসনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থাকতেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো। এতে একটি বেজমেন্টের পাশাপাশি ওপরের দিকে আরও পাঁচটি তলা ছিল। দুর্ঘটনার সময় বেজমেন্টে সংস্কারকাজ চলছিল।
পাশে থাকা ভবনও খালি
উদ্ধার অভিযান চলার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হওয়ায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে গুরুতর হিসেবে উল্লেখ করে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
ঘটনার পর ভবন ধসের কারণ অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে যাঁদের দায় পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সান্ধুও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ ভবন ধসের পেছনে দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির পৌর কর্তৃপক্ষের ভবন বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনাটিকে ‘এড়ানো সম্ভব ছিল এমন একটি মর্মান্তিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। দিল্লিতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় অনিরাপদ ও অতিরিক্ত জনবহুল পিজি ব্যবস্থার ওপরও তিনি প্রশ্ন তুলেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারীরা স্তরে স্তরে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved